সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হকসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা একটার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, গতকাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলাকালে স্থানীয় সাংসদ গাজী ম ম আমজাদ হোসেনের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা এতে জড়িয়ে পড়েন। পরে ইউএনও সভা মুলতবি করেন। এর কিছুক্ষণ পরই সাংসদের একদল সমর্থক সভাকক্ষে হাজির হন। তাঁরা উপজেলা চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের ওপর হামলা করেন। এ সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। একপর্যায়ে কেটলি দিয়ে মাথায় আঘাত করা হলে আবদুল হক গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
চেয়ারম্যান আবদুল হকের ভাই মো. সেলিম রাতে প্রথম আলোকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর ভাইয়ের মাথায় অস্ত্রোপচারের জন্য রাত পৌনে ১২টার দিকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন নেতা-কর্মী বলেন, সাংসদ আমজাদ হোসেনের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছে। এর জেরেই এ ঘটনা ঘটেছে।
জানতে চাইলে মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সাংসদ নানা ধরনের উসকানিমূলক কথা বলে সভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। সভা মুলতবি করার কিছুক্ষণ পর সাংসদের সমর্থকেরা আমাদের ওপর হামলা করেন।’
সাংসদ আমজাদ হোসেন বলেন, ‘সভায় ইউপি চেয়ারম্যানরা অশালীন বক্তব্য দেন। তাঁদের শালীনভাবে বক্তব্য দেওয়া জন্য বলা হয়। কিন্তু তাঁরা শোনেননি। বরং আমাকে উদ্দেশ করে নানা অকথা বলেন। একপর্যায়ে আমি চলে যাই। আমাকে বকাবকি করেছে, এমন কথা প্রচার হওয়ায় সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।’
ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘সভায় ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া ও মোক্তার হোসেন থানায় করা জিডি-সংক্রান্ত ঘটনা নিয়ে বক্তব্য দেন। এ নিয়ে সাংসদসহ অন্য সদস্যরা বিতর্কে জড়িয়ে পড়লে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সভা মুলতবি করে আমি আমার কক্ষে চলে আসি। পরে জানতে পারি, মারামারির ঘটনা ঘটেছে।’
রাত আটটার দিকে জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেননি।