ইয়াবা পাচারকারীদের অভিনব কৌশলের কারণে নাগাল পাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কখনো গাড়ির গ্যাস সিলিন্ডারে, কখনো পানের ভেতর, আবার কখনো পানির ট্যাঙ্কে করে চট্টগ্রাম হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে ইয়াবা।
ইয়াবার চালান আটকে নগরের মূল ফটক ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি বাড়ানো এবং ‘সোর্সের’ ওপর জোর দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ, সহজে বহনযোগ্য ইয়াবা বড়িগুলো এমনভাবে আনা হচ্ছে যে সোর্সের কাছ থেকে আগাম খবর পাওয়া ছাড়া ধরার কোনো পদ্ধতি জানা নেই র্যা ব-পুলিশের কাছে।
নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে চট্টগ্রাম হয়ে সারা দেশে ইয়াবা বড়ি ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে অভিনব কৌশলে ইয়াবা বড়ি পাচার করছে। এগুলো ধরতে সোর্স বাড়াতে কর্মকর্তাদের বলা হয়েছে। কারণ, সোর্স ছাড়া এগুলো ধরা কঠিন হবে।
ইয়াবা বড়ি পাচারকারীদের অভিনব কৌশল ধরতে র্যা বের ইন্টেলিজেন্স উইং ও সোর্স বাড়ানো হয়েছে বলে জানান র্যা ব-৭ চট্টগ্রামের পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশলে ইয়াবা আসছে। সোর্স ছাড়া এগুলো ধরা সম্ভব না।’
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মাসে গড়ে নগরের ১৬ থানায় ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলা হয় ১৩০ থেকে ১৪০টি। কিন্তু বেশির ভাগ ইয়াবার বড় চালান থাকে অধরা। এমন সব কৌশলে ইয়াবা পাচার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোর্সের কাছ থেকে আগাম কোনো তথ্য না পেলে সহজে কাউকে সন্দেহও করতে পারেন না। টেকনাফ থেকে পানবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ওপরে দেখে বোঝার উপায় নেই ঝুড়িতে থাকা পানের ভাঁজে ভাঁজে রয়েছে হাজারো ইয়াবা বড়ি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের মেট্রো অঞ্চলের কর্মকর্তাদের কাছে আগাম তথ্য থাকায় তারা তল্লাশি চালিয়ে গত ২০ জুলাই ছয় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আগাম তথ্য না পেলে পানের ভাঁজে ভাঁজে ইয়াবা বড়ি পাচার করা হলেও আমরা ধরতে পারতাম না। এ জন্য সোর্স বাড়ানো হচ্ছে।’
সর্বশেষ ২৪ আগস্ট নগরের কর্ণফুলী কাফকো জেটিঘাট এলাকায় একটি নৌকা থেকে ১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, নৌকাটিকে দূর থেকে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করলে নৌকায় ইয়াবা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। দুই লাখ পিস ইয়াবা একটি বড় প্লাস্টিকের পানির ট্যাঙ্কের ভেতর বস্তাভর্তি ছিল, যাতে দূর থেকে দেখলেও সহজে কেউ সন্দেহ না করে। এর আগে ৮ আগস্ট প্রাডো গাড়িতে করে টেকনাফ থেকে ঢাকা নিয়ে যাওয়ার সময় নগরের কোতোয়ালি থানার পুলিশ পাঁচ হাজার ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করে।
কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রাডো গাড়িতে করে ইয়াবা পাচার করছে বলে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে।