আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একজনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের মজিদপুর এলাকা থেকে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে মোক্তার হোসেন নামের এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মোক্তার হোসেন মজিদপুর এলাকার (৪০) আক্তার হোসেনের ছেলে। মোক্তারের ছেলে সাগর বলেন, বুধবার রাত সাড়ে নয়টার দিকে শাকিল নামে পুলিশের এক সোর্সসহ সাদাপোশাকে সাত-আটজন লোক তাঁদের বাসায় যান। এ সময় তাঁর বাবা (মোক্তার) ঘরে শুয়ে ছিলেন। ঘরে ঢুকে তাঁরা পুলিশ পরিচয়ে তাঁর বাবাকে মারধর করেন। এরপর তাঁর খালা শাহানাজ আক্তার ও মামা সানোয়ার হোসেনসহ বাবাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর খালা ও মামাকে সাভার মডেল থানার পুলিশ আদালতে হাজির করে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর বাবার হদিস পাওয়া যায়নি।

সাগর বলেন, গতকাল সারা দিন সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যোগাযোগ করেও তাঁর বাবার বিষয়ে তথ্য পাননি তাঁরা। সন্ধ্যার পর পরিচিত একজনের কাছ থেকে জানতে পারেন, আমিনবাজারের সালেহপুর সেতুর অদূরে একটি লাশ পাওয়া গেছে। তিনি লাশটি তাঁর বাবার বলে জানিয়েছেন। কিন্তু উদ্ধারের পর লাশটি কোথায় নেওয়া হয়েছে তা জানতে না পেরে লাশটি তাঁর (সাগর) বাবার কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গতকাল বেলা তিনটার দিকে সালেহপুর সেতুর অদূরে পাওয়ার হাউসের সামনের জলাশয়ে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। তিনি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন। লাশটি মোক্তার হোসেনের কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

এদিকে সাভার মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, গত ১৯ মার্চ মজিদপুর এলাকায় আসামি ধরতে গেলে মোক্তার ও তাঁর পরিবারের সদস্যরা হামলা চালিয়ে তাঁকেসহ দুই কনস্টেবলকে আহত করেন। ওই ঘটনায় সাভার মডেল থানায় পুলিশের করা মামলার আসামি মোক্তার।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গতকাল নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাত ১০টা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

সানোয়ার ও শাহানাজ নামের দুজনকে আটকের কথা স্বীকার করে ওসি কামরুজ্জামান বলেন, ডিবি পুলিশ আটক করে গতকাল সকালে তাঁদের থানায় সোপর্দ করে।