আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের রুস্তম আলী (২৫) চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বজনদের দাবি, গত মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ বিষয়ে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে।
পেশায় কৃষক রুস্তম আলী মৃত গফুর মণ্ডলের ছেলে। তাঁর খোঁজ না পেয়ে স্ত্রী মরিয়ম খাতুন দেড় বছর ও দেড় মাস বয়সী দুই ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
এলাকার কয়েকজন জানান, রুস্তমকে তুলে নেওয়ার আগে ওই রাতেই প্রতিবেশী মো. আলিহক, রবজেল মণ্ডল, বদর আলী ও তাঁর ভাই ঠান্ডু রহমানের বাড়িতে তল্লাশি চালানো হয়। রবজেল ও আলিহকের ভাই ওল্টু রহমান হত্যা মামলার পলাতক আসামি। বদর আলী ও ঠান্ডু রহমানের নামে কোনো মামলা নেই।
রুস্তমের বড় ভাই ইকলাস আলী বলেন, মঙ্গলবার রাত তিনটার দিকে ১৩ জন ব্যক্তি তাঁদের বাড়িতে ঢোকেন। তাঁদের মধ্যে দুজন র্যাবের পোশাক পরা ছিলেন। তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এ ছাড়া দুজন লুঙ্গি পরা ছিলেন। তাঁদের মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। বাকিরা জ্যাকেট ও ট্রাউজার পরে ছিলেন। তাঁদের হাতে ছিল লাঠি ও হকিস্টিক।
ইকলাস অরও বলেন, তাঁর ভাই সর্বশেষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে একটি মারামারির মামলার আসামি ছিলেন। জামিনে মুক্তি নিয়ে তিনি বাড়িতেই বাস করছিলেন। রুস্তমকে তুলে নেওয়ার পর আলমডাঙ্গা থানা, জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় ও ঝিনাইদহ র্যাব কার্যালয়ে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।
তিওরবিলা ফাঁড়ির এএসআই রওশন আলী গতকাল শুক্রবার বলেন, যত দূর জানা গেছে, র্যাবের পরিচয়ে রুস্তম আলীকে বাড়ি থেকে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কী কারণে কারা নিয়ে গেছে জানা যায়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এ ঘটনায় গতকাল পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।