চলতি বছরের প্রথম ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজত ও ক্রসফায়ারে ১০১ জন এবং রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহত হয়েছে। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন ১৩৩ জন নারী। ধর্ষণের শিকার হয়েছেন ৩২৬ জন। এঁদের মধ্যে ২৯ জনকে হত্যা করা হয়।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে (জানুয়ারি থেকে জুন ২০১৫) গতকাল মঙ্গলবার এসব তথ্য তুলে ধরা হয়েছে। জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন থেকে এবং নিজস্ব উদ্যোগে আসক এসব তথ্য সংগ্রহ করে। গতকাল সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে র্যাবের সঙ্গে ক্রসফায়ারে ২২ জন, পুলিশের সঙ্গে ৪০, র্যাব ও বিজিবির সঙ্গে ১, আনসারের সঙ্গে ১, গোয়েন্দা পুলিশের সঙ্গে ৭ এবং যৌথবাহিনীর সঙ্গে ক্রসফায়ারে ১ জন নিহত হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব ও বিজিবির নির্যাতনে মারা গেছে ৭ জন। পুলিশ ও গোয়েন্দা পুলিশের গুলিতে মারা গেছেন ১৫ জন। এ ছাড়া থানা হাজতে আত্মহত্যা করেন ৩ জন। পুলিশ ও র্যাবের হেফাজতে অসুস্থ হয়ে মারা যান ৩ জন। ট্রেনের নিচে কাটা পড়ে ১ জন এবং কারা হেফাজতে ১ জন মারা যান।
আসক আরও জানিয়েছে, ৬৬০টি রাজনৈতিক সহিংসতায় ১৩২ জন নিহত এবং ৩ হাজার ৮৯২ জন আহত হন। এসব সহিংসতার বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর, পুলিশের সঙ্গে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের এবং রাজনৈতিক দলগুলোর একাধিক পক্ষের মধ্যে সংঘটিত হয়। সহিংসতায় আওয়ামী লীগের ২২, বিএনপির ১২, ছাত্র শিবিরের ৭, পুলিশের ১ এবং ৯০ জন সাধারণ মানুষ মারা যান। নিহত ব্যক্তিদের মধ্যে ৭০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ছয় মাসে বিভিন্ন স্থানে ১৯ বার ১১৪ ধারা জারি করা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, পরিবার ও অন্যদের অভিযোগ অনুযায়ী সাদা পোশাকধারী ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে মোট ২৯ জনকে ধরে নিয়ে গেছেন। এঁদের মধ্যে পরে ৪ জনের লাশ পাওয়া গেছে। একজনকে ছেড়ে দেওয়া হয়। আটকের পর গ্রেপ্তার দেখানো হয় একজনকে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের আটকের অভিযোগ অস্বীকার করেছে।
একই সময়ে হিন্দু সম্প্রদায়ের ৯৪টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ, ১৩৭টি প্রতিমা ভাঙচুর এবং পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ২৮ জন আহত হন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে ২৩ জন মারা যান।
আসক বলছে, এ সময়কালে যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হন ৯৪ জন। এঁদের মধ্যে ছয় জন আত্মহত্যা করেন। যৌন নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে মারা যান ২ জন। অ্যাসিড নিক্ষেপের শিকার হন ১৭ জন নারী। যাঁদের ১ জন মারা যান। সালিশ ও ফতোয়ার মাধ্যমে নির্যাতনের শিকার হন ৪ জন। এ ছাড়া বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হন ২২ জন গৃহপরিচারিকা। এঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়।