আইনশৃঙ্খলা সভায় হত্যার চেষ্টা!
ঝালকাঠি সদর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক কমিটির সভায় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাকির হোসেনকে রিভলবার দিয়ে গুলি করার চেষ্টাকালে বাসন্ডা ইউপির চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মোবারক হোসেন মল্লিকের অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ ঘটনা ঘটে।
ওই সভায় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ফেরদৌস এবং কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান উপস্থিত ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কমিটির সদস্যসচিব শীলমণি চাকমা তাৎক্ষণিকভাবে মোবারক হোসেনের রিভলবার ও ছয়টি গুলি জব্দ করে থানায় নিয়ে যান। এ ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইউএনও প্রথম আলোকে বলেন, সভায় প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করার চেষ্টার ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত এবং এটি অস্ত্র আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ কে এম জাকির হোসেন বলেন, ‘গতকাল আইনশৃঙ্খলাবিষয়ক সভায় আমার ইউনিয়নের মাদক ব্যবসা ও মাদকাসক্তদের নিয়ে বক্তব্য দিচ্ছিলাম। এরই মধ্যে বাসন্ডা ইউপির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক আমাকে কম কথা বলতে বলেন এবং ধমক দেন। আমি তাঁর কথার প্রতিবাদ করলে তিনি আমার ওপর রিভলবার নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ওসি সাহেব না থাকলে আমাকে গুলি করে মেরে ফেলতেন তিনি। এখনো আমি জীবন নিয়ে শঙ্কিত।’
মোবারক হোসেন মল্লিক বলেন, ‘যা ঘটেছে তাতে কি আমার ফাঁসি হয়ে যাবে? এ ব্যাপারে যা বলার তা আমি সংবাদ সম্মেলন করে বলব।’
ওসি বলেন, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যান জাকির হোসেনের লিখিত অভিযোগ দেওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।