আইনি সহায়তা পাচ্ছেন না দুস্থরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে সচেতনতার অভাবে সরকারিভাবে মামলা পরিচালনার আইনি সহায়তা নিতে পারছেন না অনেক দুস্থ মানুষ। দালালদের খপ্পরে পড়ে মামলা পরিচালনা করতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই। সরকারিভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হতে যাচ্ছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের তৃণমূল অসহায় মানুষের কাছে এ সহায়তা কার্যক্রম এখনো সেভাবে পৌঁছেনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হালিম বলেন, ‘বিনা খরচে যে আইনি সহায়তা পাওয়া যায়-গ্রামগঞ্জে এ বিষয়টি জানানোর কাজটি আমরা করতে পারিনি। জেলাপর্যায়ে আইনগত সহায়তা দিবসে শোভাযাত্রা, সভা বা কর্মশালা হয় ঠিকই। তারপর আর কোনো প্রচারই চালানো হয় না। তৃণমূল পর্যায়ের মানুষদের কাছে এ কার্যক্রম-সম্পর্কিত তথ্য পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদের সদস্যদের সম্পৃক্ত করে প্রচার চালাতে হবে। এ ছাড়া এ কার্যক্রমের আওতায় খরচের বরাদ্দ কম থাকায় অনেক আইনজীবী আইনি কার্যক্রম পরিচালনায় খুব একটা আগ্রহ দেখান না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিচারপ্রার্থী বলেন, তাঁর মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়েছে। মামলা করতে তিন হাজার টাকা লেগেছিল। তিনি বহু কষ্টে টাকাটা জোগাড় করে দিয়েছিলেন। কিন্তু অসচ্ছল মানুষ বিনা খরচে আইনি সহায়তা পেতে পারে—এমন কোনো তথ্যই তাঁর জানা ছিল না।
জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যসচিব ও যুগ্ম জেলা ও দায়রা জজ হাসান মাহমুদুল ইসলাম বলেন, ‘বিনা খরচায় আইনি সহায়তা কার্যক্রম প্রচারণা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গরিব-অসহায়দের আইনি সহায়তা দিতে আমাদের চেষ্টায় ঘাটতি নেই। কিন্তু স্থানীয় অসহায়রা সরকারি এ সহায়তা পেতে আমাদের কাছে ওভাবে আসছেন না।’
আইনগত সহায়তা কমিটির কার্যালয়ে খোঁজ নিয়ে চলতি বছরে কেউ বিনা খরচে আইনি সহায়তা নিয়েছেন বলে তথ্য পাওয়া যায়নি। ২০১৪ সালের জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবসের জন্য প্রস্তুত করা প্রতিবেদনে দেখা গেছে, ওই বছর আইনি সহায়তার জন্য আবেদন করেছিলেন ৯৭ জন। যাচাই-বাছাইয়ের পর ৮৯টি আবেদন গ্রহণ করে কমিটি।
সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ পাস করে। এ কার্যক্রম পরিচালনার জন্য সরকার ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করে। ঠাকুরগাঁও আদালত ভবনের নিচতলায় রয়েছে জেলা আইনগত সহায়তা প্রদান কার্যালয়।
আজ ২৮ এপ্রিল সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত হতে যাচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সকালে শোভাযাত্রা বের করা হবে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদ্যাপন শেষ হবে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সাধারণ সম্পাদক আইনজীবী শাহাবুদ্দিন খান বলেন, ‘অসহায় মানুষের জন্য বিনা মূল্যে আইনি সহায়তার ব্যবস্থা-সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। শহরাঞ্চলের মুষ্টিমেয় নাগরিক এই সরকারি সেবার কথা শুনে থাকলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিছুই জানে না।’