আইনি সহায়তা পাবেন লাঞ্ছিত ওই শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে একটি স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলেছে, লাঞ্ছিত শিক্ষককে সব ধরনের আইনি সহায়তা দিতে তাঁরা প্রস্তুত। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।
এক প্রশ্নের জবাবে ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, শিক্ষককে সহায়তা দিলেও যাঁরা ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের আইনি সহায়তা দেওয়া হবে কি না, এটা আইনজীবী সমিতি ভেবে দেখবে।
সংবাদ সম্মেলনে হুয়ামুন বলেন, প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে কান ধরে উঠ-বস করিয়ে পুরো জাতিকে অপমানিত করা হয়েছে। এ সময় সমিতির সম্পাদক বাবু উদ্দিন খোকনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল বুধবার শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় স্থানীয় সাংসদ সেলিম ওসমানসহ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ ব্যাপারে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ‘ধর্মীয় অবমাননার’ অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পায়নি সরকারি তদন্ত কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষামন্ত্রী বলেছেন, বিদ্যালয় পরিচালনা কমিটি অন্যায়ভাবে শ্যামল কান্তিকে সাময়িক বরখাস্ত করেছিল। তাই ওই কমিটি বাতিল করা হয়েছে। আর শ্যামল কান্তিকে তাঁর স্বপদে বহাল রাখা হয়েছে।