আইনের শাসনের অনুপস্থিতি উসকে দিচ্ছে সাম্প্রদায়িক হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের শাসন, বিচার ও গণতান্ত্রিক চর্চার অনুপস্থিতির কারণেই রামু ও উখিয়ার মতো সাম্প্রদায়িক হামলা পরবর্তী সময়ে সমাজে আরও সাম্প্রদায়িক হামলাগুলোকে উসকে দিচ্ছে। বিচার না করার এই সংস্কৃতি চলতে থাকলে এই ধরনের হামলাও চলতেই থাকবে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। কক্সবাজারের রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার চার বছর স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে রামু সাম্প্রদায়িক সহিংসতার চার বছর স্মরণ কমিটি।

আলোচনা সভায় ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, কক্সবাজারের রামুতে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরের ওপর হামলা ছিল একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। মানুষের আবেগকে কাজে লাগিয়ে, রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই হামলা চালানো হয়েছিল। পরের বছর একইভাবে পাবনার সাঁথিয়ায় এবং কুমিল্লায় সংখ্যালঘুদের ওপর হামলা হয়।

আলোচনা সভায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘ত্বকী হত্যার যেমন বিচার হয়নি, তনু হত্যার বিচার যেমন হবে না, তেমনি রামুর এই হামলারও কোনো বিচার হওয়ার সম্ভাবনা নেই। কোনটার বিচার হবে আর কোনটার হবে না, তা দেখে বোঝা যায় কারা এর পেছনে আছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘ক্রমাগত একটা সরকারের হাতে ক্ষমতা এমনভাবে কেন্দ্রীভূত হয়ে গেল যে মানুষের আর কোনো অধিকার থাকছে না। একটার পর একটা আইনের মধ্য দিয়ে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। যার ফলে সাম্প্রদায়িক তৎপরতা ঘটছে, জঙ্গি কর্মকাণ্ড হচ্ছে। আর এগুলো যে বাড়ছে, সে আলোচনার মধ্যেও আপনি যেতে পারবেন না।’

মানবাধিকার কর্মী হামিদা হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা, ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর কক্সবাজার জেলার রামু, উখিয়া ও চট্টগ্রাম জেলার পটিয়ায় স্থানীয় ব্যক্তিরা ১৮টি মন্দিরে হামলা চালায়। একজন নিহত হয় এসব হামলায়। পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধপল্লির ৪৫টির মতো বসতবাড়ি।