আইভীকে হুমকি শামীম ওসমানের অনুগতদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিনা হায়াত আইভী
সেলিনা হায়াত আইভী

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আর কেউ খুন হলে তার দায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীকে নিতে হবে। হত্যা মামলায় তাঁকে প্রধান আসামি করা হবে।

আজ সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকায় কুতুবপুরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুমকি দেন। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

কুতুবপুরবাসীর ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। তবে এর আয়োজকেরা স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত।

মানববন্ধনে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, লিংক রোডের পাশে ময়লা ফেলার কারণে স্থানটি দুর্গন্ধময় হয়ে গেছে। এটি দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত কয়েক বছরে এখানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ছিনতাইকারীরা ছিনতাই করে ময়লাস্তূপের পেছনে নেমে যায়। তাদের আটক করা যায় না। আর দুর্গন্ধের কারণে টহল পুলিশও এ স্থানে দাঁড়াতে চায় না। তিনি আরও বলেন, বারবার বারণ করার পরও সিটি করপোরেশন এখানে ময়লা ফেলে যাচ্ছে। ময়লার সুযোগ নিয়ে ভবিষ্যতে এখানে কোনো হত্যাকাণ্ড ঘটলে সিটি করপোরেশনের মেয়র আইভীকে আসামি করা হবে।

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম অভিযোগ করেন, একটি আন্তর্জাতিক স্টেডিয়ামের সামনে ময়লা ফেলে সারা বিশ্বে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বিদেশিরাও ময়লার দুর্গন্ধে নাক সিটকে গেছেন।


শামীম ওসমানের শ্যালক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুর অভিযোগ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি শামীম ওসমানের দাদার নামে হওয়ায় মেয়র আইভী সুনাম ক্ষুণ্ন করার নীলনকশা হিসেবে এখানে ময়লা ফেলছেন। এখানে ভবিষ্যতে আর ময়লা ফেলা হলে আইভীর চেয়ার তছনছ হয়ে যাবে।


অন্যদের মধ্যে বক্তব্য দেন ওবায়দুর রহমান নিলু, আবু মুহাম্মদ শরীফুল হক, মজিবর রহমান আলাউদ্দিন, লুৎফর রহমান, হুমায়ন কবির হুমায়ন, মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, জুয়েল, সাইনবোর্ড এলাকার রাজ্জাক বেপারী, রাজ্জাক ফকির প্রমুখ।


কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে শামীম ওসমান ও মেয়র আইভীর মধ্যে বাগযুদ্ধের পর উভয়ই নিশ্চুপ ছিলেন।


অভিযোগের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার বলেন, খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আশপাশে সিটি করপোরেশন কোনো ময়লা ফেলে না। সেখানে কয়েকটি ইউনিয়ন পরিষদ ময়লা ফেলে। লিংক রোডের যে স্থানে সিটি করপোরেশন এখন ময়লা ফেলে তা স্টেডিয়াম থেকে অনেক দূরে। ময়লা ফেলার জন্য নিজস্ব তহবিল থেকে জমি কিনতে সিটি করপোরেশন মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করেছে। অধিগ্রহণের জন্য সরকারি খাস জমিও চাওয়া হয়েছে। নিজস্ব জমির ব্যবস্থা হলে করপোরেশন লিংক রোডে ময়লা ফেলা সম্পূর্ণ বন্ধ করে দেবে।


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে চলতি বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং এর পরের দিন আরও একজনের লাশ ভেসে ওঠে। ১৮ এপ্রিল লিংক রোড থেকে অপহরণ করা হয় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে। পরে আবু বকর সিদ্দিককে জীবিত অবস্থায় ঢাকার মিরপুরে রেখে যাওয়া হয়।