আইসক্রিমের ডিপো থেকে কর্মচারীর গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার একটি আইসক্রিমের কারখানার ডিপো থেকে পুলিশ গতকাল বুধবার দুপুরে নান্নু সরদার (৪৮) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে। তিনি ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী ছিলেন। একই ঘটনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আবদুল কাইয়ুম আহত হন। তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডিপোর চার কর্মীকে আটক করেছে।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, বছিলা রোডে কোয়ালিটি আইসক্রিমের একটি ডিপো আছে। কারখানা থেকে আইসক্রিম তৈরি করে এই ডিপোতে জমা করা হয়। পরে তা বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। গতকাল সকালে ডিপোর এক কর্মী একটি কক্ষে তাঁর দুই সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মোহাম্মদপুর থানায় খবর দেন। পরে পুলিশ এসে নান্নু সরদারের গলা কাটা লাশ উদ্ধার করে। সংকটজনক অবস্থায় ডিপোর নিরাপত্তাকর্মী কাইয়ুমকে উদ্ধার করে পান্থপথের স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নান্নুর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

পুলিশ কর্মকর্তারা বলেন, মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল ভোরের মধ্যে কোনো সময়ে এই হতাহতের ঘটনা ঘটে। পলাতক কর্মচারী শাকিলকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আইসক্রিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির আটক চার কর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর পালিয়ে যাওয়া এক কর্মীর হত্যায় সংশ্লিষ্টতাÓথাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। নিরাপত্তাকর্মী সুস্থ হয়ে উঠলে তাঁর কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে।

রমনা লেক থেকে লাশ উদ্ধার

গতকাল সকালে রমনা পার্কের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পরনে নীল রঙের শার্ট ও প্যান্ট ছিল। কী কারণে তাঁর মৃত্যু হয় তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।