আইসক্রিমের ডিপোর কর্মচারী হত্যার ঘটনায় গ্রেপ্তার নেই
রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় একটি আইসক্রিম কারখানার ডিপোর কর্মচারী নান্নু সরদার হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, নান্নু হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বড় ভাই নুর হোসেন কোয়ালিটি আইসক্রিমের ডিপোর কর্মচারী শাকিল মোল্লা, সবুজ শেখসহ অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন। তাঁদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গত বুধবার এই ঘটনায় আটক ডিপোর চারজনকে জিজ্ঞাসাবাদ চলছে। একই ঘটনায় আহত নান্নুর সহকর্মী কাইয়ুম সুস্থ হয়ে উঠলে হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত নান্নুর ভাই নুর হোসেন বলেন, ডিপোতে নান্নুর পাশের কক্ষে থাকতেন কাইয়ুম। সম্ভবত দুর্বৃত্তরা কাইয়ুমকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। হয়তো নান্নু বাধা দেওয়ায় তাঁকে গলাকেটে হত্যা করা হয়। তাঁর জানামতে, নান্নুর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না।
গত বুধবার পুলিশ কোয়ালিটি আইসক্রিমের ডিপো থেকে প্রতিষ্ঠানটির পিয়ন নান্নু সরদারের (৪৮) গলাকাটা লাশ উদ্ধার করে। একই ঘটনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী আবদুল কাইয়ুম আহত হন। গত মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোরের মধ্যে কোনো সময়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।