আইসিএলের এমডিকে আবারও দুদকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আইডিয়াল কো-অপারেটিভ লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এইচ এন এম শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের উপপরিচালক হামিদুল হাসান তাঁকে সেগুনবাগিচা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ বছরের মার্চেও শফিকুর রহমানকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সূত্র জানায়, আইসিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেশি মুনাফার লোভ দেখিয়ে ৭০ হাজার গ্রাহকের আমানত আত্মসাৎ করেছে এমন অভিযোগ পায় দুদক। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নিরীক্ষা প্রতিবেদনে গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আলম, এমডি শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. শহিদুল্লাহসহ নয়জন পরিচালককে গ্রাহকদের সঙ্গে প্রতারণার জন্য দায়ী করা হয়।
দুই ব্যাংকের ১০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ: প্রায় এক হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে কৃষি ব্যাংকের আরও চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদকের উপপরিচালক জুলফিকার আলী গতকাল তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে বুধবারও ব্যাংকটির পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান নামের এক ব্যবসায়ী ২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেন। পরে তিনি চিকিৎসার নামে সিঙ্গাপুর পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে কৃষি ব্যাংক থেকে তাঁর নেওয়া ঋণের পরিমাণ প্রায় দেড় শ কোটি টাকা।
ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে ব্যাংকের এসব কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে। অন্যদিকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনন্দ শিপইয়ার্ডের প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনা অনুসন্ধানে ইসলামী ব্যাংকের আরও ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।