নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফ হোসেন পাঠান হত্যার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আরিফ পাঠানের ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারচর বড়ইতলা এলাকায় প্রকাশ্যে আরিফ হোসেন পাঠানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
এজাহারনামীয় আসামিরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনু বিশ্বাস, কারারচর বড়ুইতলা এলাকার মিলন মিয়া, টিটু পাঠান, মোস্তফা মিয়া, সাইফুল, রাব্বি, মাসুদসহ অজ্ঞাত আরও-চার পাঁচজন।
মামলার এজাহারে হত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, আরিফ পাঠানের কারণে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারা এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে আসামিরা তাঁকে (আরিফ পাঠান) গুলি করে হত্যা করে।
এদিকে গতকাল বেলা সাড়ে ১১টায় বাড়ির পাশে একটি মাঠে আরিফ পাঠানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম হোসেন বলেন, নিহত ব্যক্তির ছোট ভাই রোমান পাঠান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।