আওয়ামী লীগের কার্যালয়ে 'সৈনিক লীগ' নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজ দলের নেতা-কর্মীদের হাতে খুন হয়েছেন জেলা ‘বঙ্গবন্ধু সৈনিক লীগের’ আহ্বায়ক ও শ্রমিক লীগের সাবেক সহসভাপতি শিমুল হক ওরফে রেহান (৩২)। 
সৈনিক লীগের জেলা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্ব ও কার্যালয়ে বসাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই ঘটনা ঘটে। পাঁচজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শহরের সাতমাথাসংলগ্ন টেম্পল সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে কথা-কাটাকাটির সময় প্রতিপক্ষের নেতা-কর্মীরা শিমুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে শিমুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তিনি মালতীনগরে ভাড়া বাসায় থাকতেন।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, খুনের ওই ঘটনায় জড়িত বঙ্গবন্ধু সৈনিক লীগের বগুড়া শহর কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগরসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে গঠন করা হয়েছিল জেলা সৈনিক লীগের আহ্বায়ক কমিটি। কমিটির যুগ্ম আহ্বায়ক হন শিমুল। কিছুদিন পর সৈনিক লীগের শহর কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ সওদাগরের সঙ্গে তাঁর সাংগঠনিক দ্বন্দ্ব শুরু হয়। মাস দুই আগে শিমুলকে আহ্বায়ক করে গঠন করা আরেকটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। এরপর শহর কমিটির পদ থেকে বাদ পড়ার আশঙ্কায় ছিলেন সবুজ সওদাগর।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, আওয়ামী লীগের ওই কার্যালয়ের দ্বিতল ভবনে সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বসার আলাদা জায়গা রয়েছে। এ কার্যালয়কেই তাঁরা নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করেন। সৈনিক লীগের নতুন আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কার্যালয়ে বসা নিয়ে শিমুল হক ও সবুজ সওদাগর পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আসনে বসাকে কেন্দ্র করে সবুজ সওদাগরের সঙ্গে শিমুল হকের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সবুজ সওদাগর ও তাঁর পক্ষের নেতা-কর্মীরা শিমুল হককে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। চিৎকার করে কার্যালয়ের বাইরে আসার চেষ্টা করেন শিমুল। কিন্তু ফটকের বাইরে এসে তিনি পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করার পর চিকিৎসকেরা পৌনে সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।’
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা বলেন, কার্যালয়টি আওয়ামী লীগের হলেও অভ্যন্তরীণ বিরোধসহ নানা কারণে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন আর ঠিকমতো সেখানে যান না। গত প্রায় পাঁচ বছর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সভাও এ কার্যালয়ে হয় না। অভিভাবক সংগঠনের নেতাদের অনুপস্থিতির সুযোগে সহযোগী সংগঠনের নেতারা এখানে মারামারি, চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা আর কার্যালয়ে আধিপত্য প্রতিষ্ঠা করা নিয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত থাকেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘কার্যালয়ে সব সহযোগী সংগঠনের বসার আলাদা ব্যবস্থা আছে। তা ছাড়া, আওয়ামী লীগের নেতারা আলাদা কক্ষে বসেন। সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কর্মকাণ্ড চালাতে এসে খুনোখুনির মতো অপকর্মে জড়িয়ে পড়লে তার দায় আওয়ামী লীগের নয়।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়েজুর রহমান গত রাত নয়টার দিকে জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, সবুজ সওদাগরের নেতৃত্বেই এ খুনের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।
শিবগঞ্জে যুবলীগ নেতা হত্যা: নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার স্টেডিয়ামসংলগ্ন সড়কে গতকাল রাতে মনিরুল ইসলাম নামের এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মনিরুল ইসলাম শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণে প্রতিপক্ষের লোকজন তাঁকে হত্যা করেছে।