আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ১৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলা সদরে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি ঘর ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বাদশা শেখ এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম চৌকিদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। গত বুধবার রাতে শাহ আলমের সমর্থকেরা বাদশা শেখের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। গতকাল সকালে দুই পক্ষ নড়িয়া বাজারে অবস্থান নেয়। এ সময় স্থানীয় প্রশাসন কোনো ধরনের মিছিল না করার নির্দেশ দেয়। কিন্তু শাহ আলমের সমর্থকেরা বাজারে মিছিল বের করে। মিছিল থেকে সন্ত্রাসীরা বাদশা শেখের ছেলে ইউনুছ শেখসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এরপর দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় শাহ আলমের সমর্থকেরা বাদশা শেখের সমর্থকদের ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে। তারা বাদশা শেখের বাড়ির পাঁচটি ঘর ভাঙচুর করেছে। এ সময় বেশ কটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় মোস্তাক ও আহসান নামের দুই পুলিশ কনস্টেবলসহ ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৯টি ফাঁকা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে বাজারের কয়েক শ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
নড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম বলেন, এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।