আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢুকে দুই কর্মীকে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর বাড়িতে ঢুকে ওই বাড়িতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের দুই কর্মীকে হাতুড়িপেটা করা হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেনের সমর্থকেরা এ
হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকরীরা বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে সেখানে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী আবুল কালাম ও তাঁর ছেলে এশারত হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৌধুরী সাব্বির আলী বলেন, ‘উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেনের নেতৃত্বাধীন বাহিনী আমার বাড়িতে হামলা করে। তারা হামলার ভয়ে আমার বাড়িতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী আবুল কালাম ও তাঁর ছেলেকে বেদম হাতুড়িপেটা করে। গুরুতর আহত এশারত হোসেনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল কালামকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে বাদল হোসেন বলেন, চৌধুরী সাব্বির আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেনি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, ‘চৌধুরী সাব্বির আলীর বাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। ওই বাড়িতে দুজন লোক আশ্রয় নিয়েছিল, তাদের মারপিট করা হয়েছে।’