আওয়ামী লীগ নেতার মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের চিতলমারী-পাটগাতি সড়কের পাশের চর চিংগুড়িয়া গ্রামের রাস্তার পাশ থেকে আজ শনিবার সকালে আওয়ামী লীগ নেতা শেখ আবুল কাশেমের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিবারের দাবি, আবুল কাশেমকে হত্যা করা হয়েছে।

আবুল কাশেম বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি একই গ্রামের মৃত শেখ ওহিদুন্নবীর ছেলে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) ইকরামুল হক বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় চিংগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা শেখ আবুল কাশেমের মৃতদেহটি উদ্ধার করেন। মৃতদেহের মাথার পেছনে, বাম চোখের ওপরে ও নিচে, বাম চোয়াল, বাম কানের পাশে ও দুই হাতের কনুই, বুকের ওপরে এবং পিঠের দুই পাশে আঘাতের চিহ্ন আছে। নিহতের পকেটে অপর এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও ছবি এবং বড় ধরনের আর্থিক লেনদেন বিষয়ক একটি চিরকুট পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আবুল কাশেমের ছোট ভাই জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ আবুল হাশেম বলেন, চার দিন আগে তিনি কোনো বিশেষ কাজে ঢাকায় গিয়েছিলেন। শনিবার সকালে চিতলমারী থানা-পুলিশের মাধ্যমে খবর পেয়ে তাঁদের বড় ভাইয়ের ছেলে আবির চিতলমারী থানায় গিয়ে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেছেন। আবুল কাশেমকে হত্যা করা হয়েছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ঘটনাটি সড়ক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড হতে পারে। বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে সার্বিক সহযোগিতা করা হবে।