সিলেটের কোম্পানীগঞ্জে গুলি করে পাথর ব্যবসায়ী আবদুল আলীকে (৩৫) হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতা ও এক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক চেয়ারম্যান হচ্ছেন কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী আবদুল ওদুদ ওরফে আলফু মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।
গতকাল শনিবার সকাল সাতটার দিকে তিনজন সঙ্গীসহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী তামাবিল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আবদুল আলীর ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মরদেহ পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ। বিকেলে নিহত ব্যক্তির ছোট ভাই আবদুল হক বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আটক ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হয়ে তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ সূত্র জানায়, কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাথর ব্যবসায়ী আবদুল আলীকে গত শুক্রবার সন্ধ্যায় কাটাখাল এলাকায় কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালায় একদল দুর্বৃত্ত। আবদুল আলী যুবলীগের একজন কর্মী ছিলেন। ঘটনার পরপরই আবদুল আলীর পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে এ ঘটনার জন্য দায়ী করা হয়। পুলিশের ধারণা, পাথর ব্যবসায় প্রভাব বিস্তার ও ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।