চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে গুলি করে সাড়ে ১৪ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় পূবালী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। ব্যাংকের সামনে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি লেগেছে গাড়িতেও।
গুলিতে আহত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এমরান উদ্দিন, তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও গাড়িচালক বরুণ চৌধুরী। অল্পের জন্য রক্ষা পান ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবরক্ষক শংকর চন্দ্র দে। এমরান উদ্দিনসহ সবাই একই গাড়িতে ছিলেন। গুলিবিদ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূবালী ব্যাংকের মিঠাছড়া শাখার ব্যবস্থাপক আখতার উদ্দিন বলেন, ব্যাংক ভবন থেকে গোলাগুলির শব্দ শুনে তাঁরা পুলিশে খবর দেন। এমরান উদ্দিন তাঁর ব্যাংকের গ্রাহক।
টাকা লুটের খবর পেয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও সীতাকুণ্ড অংশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাতে থাকে। তবে গতকাল বিকেল পর্যন্ত কাউকে টাকা উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গুলির কোনো খোসা পাওয়া যায়নি। তবে গাড়িতে লাগা গুলির চিহ্ন দেখে মনে হচ্ছে, এগুলো দেশে তৈরি এলজির গুলি।
চমেক হাসপাতালে গাড়িচালক বরুণ চৌধুরী ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিকদের বলেন, টাকা জমা দিতে গাড়ি নিয়ে পূবালী ব্যাংকের মিঠাছড়া শাখায় যান তাঁরা। গাড়ি থেকে নামার সময় পাঁচ-ছয়জন যুবক তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে যুবকেরা গাড়ি থেকে টাকাভর্তি একটি ব্যাগ নিয়ে গুলি ছুড়তে ছুড়তে তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন প্রথমে তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।
চমেক হাসপাতালের চিকিৎসকেরা জানান, এমরান উদ্দিনের কোমরে, জাহাঙ্গীরের বুকের ডান পাশে এবং বরুণের ডান হাতে গুলি লেগেছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
এমরান উদ্দিনের বড় ভাবি রাশেদা আক্তার হাসপাতালে সাংবাদিকদের বলেন, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক লেনদেনের টাকা জমা দেওয়া হয় না। তাই রোববার ব্যবস্থাপক ও হিসাবরক্ষককে নিয়ে ব্যাংকে টাকা জমা দিতে যান এমরান। সন্ত্রাসীরা হামলা করে গাড়িতে থাকা প্রায় পৌনে এক কোটি টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেন তিনি।
তবে সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়িতে দুটি ব্যাগে ৭৩ লাখ ৬২ হাজার ৪৮০ টাকা ছিল। এর মধ্যে দুর্বৃত্তরা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা ছিল। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।