আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণার মাইক ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর প্রচারণার মাইক ও প্রচারণার কাজে ব্যবহৃত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়নের চরনেয়ামত কাজিপাড়ায় এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন চৌধুরী ভাঙচুরের এ ঘটনার জন্য বিএনপির চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন। এ ঘটনায় রামগতি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে রামগতি থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, আওয়ামী লীগ প্রার্থীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। খোঁজখবর নিয়ে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জাকির হোসেন চৌধুরী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চরনেয়ামত কাজিপাড়ায় বিএনপি প্রার্থীর বাড়ির কাছে ১০-১২ জন লোক ধারালো অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে প্রচারণার মাইক ও অটোরিকশা ভাঙচুর করে। বিএনপি প্রার্থীর সমর্থকদের দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী সিরাজ উদ্দিন বলেন, তিনি বা তাঁর কোনো সমর্থক ওই হামলার সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, তাঁকে ও তাঁর সমর্থকদের নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য আওয়ামী লীগের লোকজন নিজেরাই রাতের অন্ধকারে এ কাজ করেছে।
রামগতি উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাকির মাহমুদ গতকাল শুক্রবার দুপুরে বলেন, ভাঙচুরের ঘটনার বিষয়টি আওয়ামী লীগের প্রার্থী মৌখিকভাবে তাঁকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
২৩ মে চরআলগী ইউনিয়নসহ রামগতি উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।