আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে ভয় দেখানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন দলটির ‘বিদ্রোহী’ এক প্রার্থী।

এ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার ১ হাজার ৩৫৩। চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও জেলা পরিষদের সদ্য পদত্যাগী প্রশাসক সৈয়দ এ কে এম এমদাদুল বারী, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শফিুকল আলম ও মোবারক হোসেন। শফিকুল জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আর মোবারক সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

২১ ডিসেম্বর এমদাদুল বারীর বিরুদ্ধে শফিুকল সিইসির কাছে একটি চিঠি দেন। তিনি চিঠিতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়ার দাবি জানান। চিঠিতে বলা হয়, জেলার ১৫টি কেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের সদর উপজেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ডের বিজয়নগর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষ, ৮ নম্বর ওয়ার্ডের আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তন, ৯ নম্বর কসবা মহিলা ডিগ্রি কলেজ, ১০ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এস এম মনিরুল হক উচ্চবিদ্যালয় কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্র এমদাদুল বারীর কার্যালয় ও বাড়ির কাছাকাছি। তাই এমদাদুলের সমর্থকেরা ভোটের সময় ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করতে পারেন। এ ছাড়া এমদাদুল বারী স্থানীয় সাংসদ ও মন্ত্রীদের নাম ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করছেন। প্রকাশ্যে তাঁকে ভোট না দিলে অনুদান বন্ধ করে দেওয়া হবে বলে ভীতি দেখানো হচ্ছে।

শফিকুল আলমের সমর্থকেরা আরও অভিযোগ করেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের সহকারী একান্ত সচিব (এপিএস)রাশেদুল কায়সার কসবা ও আখাউড়া উপজেলার ভোটারদের প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এমদাদুলকে ভোট দেওয়ার জন্য।

রাশেদুল কায়সার বলেন, এমদাদুল বারী দলের লোক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে উন্নয়নমূলক সভায় কথা প্রসঙ্গে তাঁকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে প্রকাশ্যে ভোট দেওয়া, কেন্দ্র দখল বা ভোটারদের প্রভাবিত করার কিছুই নেই।

চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম বলেন, এমদাদুল বারী দলীয় ব্যানারে এবং দলের স্লোগান ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। প্রচারণায় জেলার ছয়জন সাংসদের নাম ব্যবহার করে ভোট চাইছেন। সাংসদদের সম্মান রক্ষায় তাঁকে ভোট দেওয়ার জন্য ভোটারদের লিখিতভাবে বলা হচ্ছে।

আরেক প্রার্থী মোবারক হোসেন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মতোই সরকারি দলের নেতা-কর্মীরা প্রভাব বিস্তার করছেন।

এমদাদুল বারীর পক্ষে তাঁর ছেলে ও প্রধান নির্বাচনী এজেন্ট সৈয়দ এখতেশামুল বারী বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। ভোটারদের প্রভাবিত করা হচ্ছে না।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ কেউ করেনি।