আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শহরের চৌমুহনী হকার্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে ইটের আঘাতে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নতুন করে সংঘাত এড়াতে গতকাল শনিবার দিনভর চৌমুহনী শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির শব্দ শোনা যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্র জানায়, চৌমুহনী শহরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদের সঙ্গে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে হকার্স মার্কেট এলাকায় সাংসদ এবং পৌর মেয়রের কয়েকজন সমর্থকের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে এবং চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
জানতে চাইলে পৌর মেয়র আক্তার হোসেন এ ঘটনার জন্য সাংসদের অনুসারী নেতা-কর্মীদের দায়ী করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সাংসদের পক্ষের লোকজন শহরের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করছেন। শুক্রবার রাতেও সাংসদের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে চৌমুহনী বাজারে আসেন। এ নিয়ে তাঁর লোকজনের সঙ্গে ঝামেলা হয়। পরে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
তবে এ বিষয়ে সাংসদ মামুনুর রশিদের বক্তব্য জানা যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।