আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় করা মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ আবদুল আহাদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল আহাদ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান। গত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।
নাসিরনগর থানার ওসি আবু জাফর প্রথম আলোকে বলেন, গত ৩০ অক্টোবর হামলার ঘটনায় করা দুটি মামলায় আবদুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলা পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। কাল (আজ বুধবার) তাঁকে আদালতে হাজির করা হবে।
৩০ অক্টোবরের ঘটনার পর আবদুল আহাদ প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটে তিনি জড়িত নন। উল্টো তিনি হিন্দুসম্প্রদায়ের বাড়িঘর ও মন্দির রক্ষার চেষ্টা করেছেন।
ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগরে ৩০ অক্টোবর ও এর পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই আরও হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। মামলায় পুলিশ এ পর্যন্ত ১০৪ জনকে গ্রেপ্তার করেছে।