চাঁদপুরের কচুয়া উপজেলার সহদেবপুর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে দলটির ‘বিদ্রোহী’ এবং বিএনপির প্রার্থী হামলা ও হুমকি-ধমকির অভিযোগ তুলেছেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাম হোসেন বলেন, ‘গত সোমবার সন্ধ্যায় কচুয়া-সাচার সড়কের মেঘদাইর বাজার মোড়ে তাঁর গণসংযোগ চলাকালে আওয়ামী লীগের প্রার্থী আবদুর রশিদের নেতা-কর্মীরা হামলা করেন। এতে তাঁর ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আওয়ামী লীগের কর্মী আহাদ গাজী, হাবিব মজুমদার, ইউসুফ বরকন্দাজ, মাহবুব বরকন্দাজসহ ৮-১০ জন ওই হামলা চালান। তাঁরা আমার কর্মী আবদুল মালেককে ছুরিকাঘাত করেন। মালেক হাসপাতালে চিকিৎসাধীন। আবদুর রশিদ জোর করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।’
বিএনপির প্রার্থী আলমগীর হোসেন বলেন, তফসিল ঘোষণার পর থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি-ধমকির কারণে এলাকায় যেতে পারছেন না। ১৮ মে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর গ্রামের বাড়িতে হামলা করেন ও ভাঙচুর চালান। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মুঠোফোনে জানিয়েছেন। তাঁর নেতা-কর্মীরা গোপনে এলাকায় প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে তাঁরা কোনো পোস্টার লাগাতে পারেননি। নির্বাচনের দু-একদিন আগে তিনি এলাকায় যাওয়ার চেষ্টা করবেন।
আওয়ামী লীগের প্রার্থী আবদুর রশিদ পাঠান বলেন, ‘মেঘদাইর বাজারে ইমাম হোসেনের নেতা-কর্মীরা আমার নেতা-কর্মীদের ওপর হামলা করেন। আমার তিনজন নেতা-কর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বিএনপির প্রার্থীর প্রচারণায় কেউ বাধা দিচ্ছে না। তবে তফসিল ঘোষণার পর এ পর্যন্ত তাঁকে এলাকায় দেখা যায়নি।’
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবারের ঘটনায় দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তবে কেউ লিখিত অভিযোগ দিতে রাজি হচ্ছে না। বিএনপির প্রার্থী ঢাকায় ব্যবসা-বাণিজ্য করেন। এলাকায় নেতা-কর্মীদের দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি নিজেই ইচ্ছা করে এলাকায় আসছেন না বলে জেনেছি। কোনো বাধা বিপত্তি থাকলে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপির প্রার্থী মুঠোফোনে বিষয়টি জানিয়েছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।’