নওগাঁর মহাদেবপুরে সফাপুর ইউনিয়নে সহিংসতা অব্যাহত রয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের হামলার আতঙ্কে রয়েছেন বিএনপি প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা। গত বুধবার রাতে বিএনপি প্রার্থী সামসুল আলমের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ময়নুল ইসলামের লোকজন।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বুধবার রাত ১১টার দিকে জিগাতলা বাজারে বিএনপি প্রার্থী সামসুল আলমের বাসায় এবং কার্যালয়ে আওয়ামী লীগের ৩০ থেকে ৪০ জন লোক পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় সামসুল আলমের ছোট ভাই সিরাতুন নবী এবং আয়নাল নামের এক কর্মীকে মারধর করা হয়।
সামসুল আলম অভিযোগ করেন, ‘গত ২০ মে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে তাঁর ১৫ জন কর্মীকে আহত করেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা। গত বুধবার রাতে হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার না করে উল্টো আমাদের বাড়ির মধ্যে দরজা-জানালা লাগিয়ে থাকতে বলে।’ হামলার ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী।
এর আগেও ২৩ মে পাহাড়পুর গ্রামে বিএনপির পাঁচ কর্মীকে মারধর করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী ময়নুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। উল্টো বিএনপির লোকজনই বুধবার রাতে তাঁর শ্বশুরের ওপর হামলা চালান। তিনি বর্তমানে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রিটার্নিং কর্মকর্তা খুরসিদ আলম বলেন, বিএনপির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।