আকতার জাহানের মৃত্যু : সহকর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহানকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে করা মামলায় তাঁর এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে শনিবার বিকেলে সহকর্মী আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য রাজশাহী নগরের তালাইমারী এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল বলেন, শনিবার বিকেল পাঁচটায় আতিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘আকতার জাহানের সঙ্গে আতিকুর রহমানের নিয়মিত যোগাযোগ ছিল। আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আরও তথ্য–প্রমাণ আসছে। এটাই তো আর চূড়ান্ত কোনো বিষয় নয়। আমরা মামলা তদন্ত করছি। তদন্ত শেষে চূড়ান্ত বিষয় বলা যাবে।’

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে আকতার জাহানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কারও নাম উল্লেখ না করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নগরের মতিহার থানায় মামলা করেন আকতার জাহানের ছোট ভাই কামরুল হাসান।