আকস্মিক কর্মবিরতিতে রোগীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার সকাল থেকে আকস্মিক কর্মবিরতি পালন করেছেন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের স্বজনেরা।
হাসপাতাল সূত্র জানায়, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ৫০ শয্যার সরকারি এ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালানো হয়। এ সময় এক চিকিৎসা সহকারীও লাঞ্ছিত হন। এর প্রতিবাদে গতকাল পূর্ব ঘোষণা ছাড়াই কর্মবিরতিতে যান চিকিৎসকেরা।
উপজেলার বারখাইন এলাকা থেকে হাসপাতালে রোগী ভর্তি করাতে এসেছিলেন আবদুস সালাম। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রোগী নিয়ে এসে দেখি স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি, তাই শহরে নিয়ে যাচ্ছি।’
হাসপাতাল সূত্র জানায়, বহির্বিভাগের দরজায় সকালে সাদা কাগজে কর্মবিরতির নোটিশ টাঙানো হয়। তবে জরুরি বিভাগে কয়েকজন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
একাধিক চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার বৈরাগ এলাকা থেকে হাফেজ তৈয়ব নামের এক রোগীকে হাসপাতালে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা রোগীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা হাসপাতালে হইচই শুরু করেন এবং জরুরি বিভাগে হামলা চালান। এ সময় জরুরি বিভাগের একজন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় চিকিৎসকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মচারী দোলন নাথ জানান, ‘রোগীর মৃত্যুর কথা বলতে না বলতেই আমাদের ওপর হামলা শুরু হয়। রোগীর সঙ্গে আসা লোকজন বিভিন্ন যন্ত্রপাতিও ভাংচুর করেন।’ এ বিষয়ে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) গোলাম মোস্তফা জামাল বলেন, হামলার ঘটনায় চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কে আছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাইয়ুম বলেন, চিকিৎসকেরা প্রাণ হাতে নিয়ে সেবা দিতে পারেন না। এ ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বহির্বিভাগে কর্মবিরতি চলবে। তবে তিনি জানান, কর্মবিরতির সময় জরুরি বিভাগে সেবা দেওয়া হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম বলেন, ‘কর্মবিরতির খবর পেয়ে দুপুর আড়াইটায় আমি সেখানে যাই এবং তাদের বক্তব্য শুনি। আজ (বৃহস্পতিবার) দুপুরে সমস্যা সমাধানে উভয় পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।’
যাঁদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ এনেছে, তাঁদের বক্তব্য জানা যায়নি।