আকিজ কোম্পানির ডিপোতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আকিজ করপোরেশন লিমিটেড ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজের আঞ্চলিক ডিপোতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে নয়জন নিরাপত্তাকর্মীকে জিম্মি করে আকিজ করপোরেশনের টোব্যাকো ও ফুড অ্যান্ড বেভারেজ শাখার তিনটি সিন্দুক ভেঙে ১২ লাখ টাকা লুট করেছে।
গত শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বগুড়া শহরতলির সিলিমপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ঘটনার পেছনে ডিপোর কেউ জড়িত আছেন। জিজ্ঞাসাবাদের জন্য ডিপোর তিন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।
আকিজ করপোরেশন লিমিটেডের বগুড়া ডিপোর জ্যেষ্ঠ স্টোরকিপার রফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় কর্মকর্তা-কর্মচারীরা সবাই চলে যান। ব্যাংক সাপ্তাহিক বন্ধ থাকায় পণ্য বিক্রির অর্থ রাখা হয় ডিপোর সিন্দুকে। এ সময় দুটি ডিপোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন নয়জন নিরাপত্তাকর্মী। দিবাগত রাতে অস্ত্রধারী আট-দশজন ডাকাত গ্রিল কেটে ডিপোতে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তাঁদের শরীরে ঘুমের ইনজেকশন পুশ করা হয়। ডাকাতেরা পরে এলপিজি গ্যাস কাটার দিয়ে আকিজ করপোরেশন লিমিটেডের ডিপোতে রাখা দুটি সিন্দুক ভেঙে নগদ ১১ লাখ ৭০ হাজার টাকা এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সিন্দুক ভেঙে আরও ৩০ হাজার টাকা লুট করে।
পরে নিরাপত্তাকর্মীদের উদ্ধার করে শাজাহান আলী ও এমদাদ হোসেন নামের দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে নওগাঁর বদলগাছি উপজেলার একটি বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠানে শনিবার রাতে ডাকাতি হয়েছে।
খাদাইল বাজারের ব্যবসায়ী রিয়াজুল ইসলাম বলেন, শনিবার রাত একটা থেকে দেড়টার মধ্যে বাসার ছাদে লোকজনের পায়ের শব্দ শুনে তাঁরা জেগে ওঠেন। কী হচ্ছে তা জানার জন্য তাঁরা ঘরের দরজা খোলেন। এ সময় বাসার প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে ১০-১৫ জনের ডাকাত দল। এরপর ডাকাতেরা তাঁকে ও তাঁর স্ত্রীর চোখ বেঁধে ফেলে রেখে ঘরের আসবাব ভেঙে ১৬ ভরি সোনার গয়না ও আড়াই লাখ টাকা লুট করে। পরে তারা বাসার নিচতলায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে সেখানে থাকা দুটি মোটরসাইকেল ও ক্যাশবাক্স ভেঙে ১ লাখ ১৬ হাজার টাকা লুট করে।