আক্কেলপুরে এক রাতে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত সোমবার দিবাগত রাতে একটি গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। উপজেলার মারমা গ্রামের ফসলি মাঠের মারমা পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতি পরিচালিত গভীর নলকূপের ট্রান্সফরমার এগুলো। এ ঘটনায় গভীর নলকূপের ব্যবস্থাপক শহিদুল ইসলাম গতকাল মঙ্গলবার জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
পবিসে দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার রাতে গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ পোলের তিনটি ট্রান্সফরমার চুরি হয়। পরদিন গতকাল মঙ্গলবার সকালে গভীর নলকূপ এলাকার আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও ট্রান্সফরমারের সন্ধান পাওয়া যায়নি। ট্রান্সফরমারের অভাবে গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রয়েছে। গভীর নলকূপটি বন্ধ থাকলে সেচ প্রকল্পের আওতাধীন ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
গভীর নলকূপের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, ‘গত সোমবার খাওয়া-দাওয়া শেষে ড্রেনম্যান গভীর নলকূপসংলগ্ন ঘরেই ঘুমিয়ে পড়েন। রাতের বেলায় দুষ্কৃতকারীরা বাইরে থেকে ওই ঘরের শিকল লাগিয়ে দেয়। ড্রেনম্যান ভোরবেলায় ঘুম থেকে উঠে বাইরে বের হতে গিয়ে দরজা বন্ধ পান। এরপর তিনি মুঠোফোনে ঘটনাটি আমাদের জানান। পরে আমরা গিয়ে শিকল খুলে দিই। তখন গভীর নলকূপের বৈদ্যুতিক পোলে গিয়ে দেখি, সেখানকার তিনটি ট্রান্সফরমারই নেই। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতি ও থানা-পুলিশকে জানানো হয়েছে। ১০ কেভির প্রতিটি ট্রান্সফরমার ৬০ হাজার টাকা করে দাম। তিনটি ট্রান্সফরমারের দাম ১ লাখ ৮০ হাজার টাকা।’
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ইয়াকুব আলী আকন্দ গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রাহক টাকা জমা দিলে তবেই সমিতি থেকে ট্রান্সফরমার দেওয়া হয়। তিনি আরও বলেন, ইদানীং গভীর নলকূপের মিটার চুরি হচ্ছে। এতে এলাকার গভীর নলকূপের মালিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি সমিতির পক্ষ থেকে থানা-পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গতকাল মুঠোফোনে বলেন, ‘গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তারপরও আমরা ঘটনা খতিয়ে দেখব।’