আক্কেলপুরে ঘর থেকে তুলে নিয়ে গৃহবধূ খুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা তিন সন্তানের জননী আরতি রানী মহন্তকে (৩৫) বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত শনিবার রাত সাড়ে দশটার দিকে বাড়ির অদূরে একটি ফসলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল রোববার লাশের ময়ন্ততদন্ত সম্পূর্ণ হলেও কোনো মামলা হয়নি।
নিহত আরতি রানী মহন্ত দেওড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা উজ্জ্বল মহন্তের স্ত্রী। ঘটনার রাতে আরতি রানীর স্বামী উজ্জ্বল মহন্ত তাঁর বড় ছেলে উৎপল মহন্তকে নিয়ে চট্টগ্রামে ছিলেন। আরেক ছেলে গিয়েছিল পূজা দেখতে। আর আরতি মেয়ে অর্চনাকে (৮) নিয়ে ঘরে ছিলেন।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ভাষ্যমতে, শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দুর্বৃত্তরা পেছন দিককার দরজা দিয়ে আরতি রানীর ঘরে ঢোকে। প্রতিবেশী ও সম্পর্কে আরতির জা গৌরী রানী মহন্ত ঘটনা আঁচ করতে পেরে আরতির ঘরের সামনে এসে ডাকাডাকি করেন। কিন্তু কারও সারা না পেয়ে তিনি ঘরের পেছনের দিকে যান। সেখানে গিয়ে পেছনের দরজাটি খোলা ও সেখানে হাতের শাঁখা ভেঙে পড়ে থাকতে দেখেন। তখন তাঁর চিৎকারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ছুটে আসেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়িটি থেকে প্রায় ২০০ গত দূরে একটি ধানখেতে জমে থাকা পানির মধ্যে আরতির লাশ পাওয়া যায়। বিবস্ত্র লাশটি ধানগাছ দিয়ে ঢেকে রাখা অবস্থায় পাওয়া যায়।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি আবদুর জলিল বলেন, ‘শনিবার রাত সোয়া নয়টার দিকে আরতির জা গৌরীর চিৎকারে আমরা ছুটে আসি। গৌরী আমাদের বলেন, কয়েকজন লোক ঘরে ঢুকে আরতিকে কাঁধে করে নিয়ে গেছে। আরতিকে ফসলি মাঠের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের জানায় সে। আমরা সবাই ফসলি মাঠে খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে আরতিকে একটি ধানখেতে পাওয়া যায়। সেখান থেকে আরতিকে উদ্ধার করে দেওড়া বাজারের পল্লী চিকিৎসক নিবারণের কাছে নিয়ে যাই।’
পল্লী চিকিৎসক নিবারণ বলেন, এখানে আনার আগেই আরতি রানী মারা গেছেন।
রায়কালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য আশোক কুমার সাহা বলেন, শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। আরতিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর স্বামী উজ্জ্বল মহন্ত চট্টগ্রাম থেকে রওনা হয়েছেন বলে জানান তিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আরতিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেও প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।