আক্কেলপুরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহটের আক্কেলপুরে মোহনলাল পাহান (৬২) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের শিয়ালা গ্রামের একটি মরিচখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় ৩৬ বিঘা জমির মালিকানা নিয়ে ওই গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহান সম্প্রদায়ের সঙ্গে স্থানীয় ১০ থেকে ১২ ব্যক্তির বিরোধ চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে শিয়ালা গ্রামের একটি মরিচখেতে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুবক ভীম পাহান লাশটি তাঁর কাকা মোহনলাল পাহানের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত বৃদ্ধের ভাতিজা উজ্জ্বল পাহান বলেন, ‘জমিজমা নিয়ে প্রতিপক্ষের মামলায় গতকাল মঙ্গলবার সকালে আমাদের সঙ্গে মোহনলাল কাকার জয়পুরহাট আদালতে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল।

কিন্তু ভোর থেকে কাকাকে খুঁজে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে আমি ও আমার ফুফাতো ভাই ভীম পাহান আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। বিকেলে বাড়ি ফিরে জানতে পারি কাকার গলাকাটা লাশ পাওয়া গেছে।’

ভীম পাহান বলেন, গ্রামের ২০ বিঘার একটি পুকুর ও ১৬ বিঘার ফসলি জমি নিয়ে তাঁদের সঙ্গে স্থানীয় ১০-১২ জন লোকের সঙ্গে বিবাদ ছিল। এ ছাড়া আর কারও সঙ্গে তাঁদের কোনো বিরোধ নেই।

তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় কয়েক ব্যক্তির জমিজমা নিয়ে মামলা-মোকদ্দমা চলছে। গতকাল বিকেলে মোহনলাল পাহানের বাড়ির অদূরে মরিচখেতে তাঁর গলাকাটা লাশ পাওয়া যায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রায় ৩৬ বিঘা জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।