জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইয়াছিন আলী টাকা নিয়ে ভিজিডি কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর দেওয়া ২৮টি কার্ড বাতিল করা হয়েছে।
তিলকপুর ইউপি চেয়ারম্যান সেলিম মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াছিন আলী ভিজিডি কার্ড দেওয়ার নামে গরিব ও দুস্থ ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছিলেন। সেটি প্রমাণিত হওয়ায় এক মাসের জন্য তাঁকে ইউপির সব কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর দেওয়া ২৮টি ভিজিডি কার্ড বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই করে পুনরায় ওই কার্ডগুলো দেওয়া হবে।
ইউপি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আলী তাঁর ওয়ার্ডের ভিজিডি প্রকল্পে গরিব লোকজনের তালিকাভুক্তির দায়িত্ব পান। তিনি গরিব ও দুস্থ ব্যক্তিদের কাছ থেকে কার্ডপ্রতি দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন। এলাকার লোকজন ইয়াছিন আলীর বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন। গত শনিবার চেয়ারম্যান তাঁর কার্যালয়ে ভুক্তভোগী লোকজনদের ডাকেন। সেখানে ইয়াছিন আলীর উপস্থিতিতে ভুক্তভোগী ব্যক্তিরা টাকা নেওয়ার কথা তুলে ধরেন। কয়েকজন অভিযোগ করেন, টাকা না দেওয়ায় তাঁদের কার্ড দেওয়া হয়নি। বৈঠকে ইয়াছিন আলী ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শিয়ালাপাড়া গ্রামের নাছরিন বেগম বলেন, ‘ইয়াছিন আলী আমার কাছ থেকে দেড় হাজার টাকা নিয়ে ভিজিডি কার্ড দিয়েছেন। শুধু আমি একা টাকা দিইনি। সব কার্ডধারীর কাছ থেকেই তিনি টাকা আদায় করেছেন।’ একই গ্রামের বাসিন্দা আবদুল হামিদ বলেন, যাঁরা ইয়াছিন আলীকে টাকা দিয়েছেন, শুধু তাঁরাই কার্ড পেয়েছেন। যাঁরা তাঁকে টাকা দেননি, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা কার্ড পাননি।
এ বিষয়ে ইয়াছিন আলী বলেন, ‘আমি টাকা ফেরত দিচ্ছি। এটা নিয়ে নাড়াচাড়া কইরেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আখতার বলেন, ‘সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ঘটনাটি আমাকে জানায়নি। বিষয়টি নিয়ে খোঁজখবর নেব।’