জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ গত শনিবার রাতে বাদী হয়ে মামলাটি করেন। ধর্ষণের অভিযোগে শনিবার রাতে তিলকপুর বাজারের দুই নৈশপ্রহরী ও চা-দোকানের এক কর্মচারীকে আটক করা হয়েছিল।
গতকাল রোববার ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের শিকার গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা একই দিনে জেলা আধুনিক হাসপাতালে করা হয়েছে।
মামলার আসামিরা হলেন তিলকপুর বাজারের নৈশপ্রহরী ইসমাইল হোসেন জোয়ারদার (৪৮), আবদুর রাজ্জাক (৩২) ও চা-দোকানের কর্মচারী রনি হোসেন (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ তাঁর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার রাতে ট্রেনে তিলকপুর রেলস্টেশনে এসে নামেন। রাত গভীর হওয়ায় তিনি আর যেতে পারেননি। রাত ১২টার দিকে তিনি প্রকৃতির ডাকে জনৈক ইউনুছের চা-দোকানের পাশে মসজিদের শৌচাগারে গেলে সেখানে তাঁকে তাঁরা ধর্ষণ করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মধ্যে দুজন গৃহবধূকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। ধর্ষণের শিকার গৃহবধূর করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। একই দিনে গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।