আক্কেলপুরে দুটি পরিবার দুই সপ্তাহ ধরে একঘরে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চিয়ারিগ্রামে দুটি পরিবারকে প্রায় দুই সপ্তাহ ধরে ‘একঘরে’ করে রাখার অভিযোগ পওয়া গেছে। বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকার অভিযোগে গ্রামের মাতবরেরা তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেন।
গত শনিবার চিয়ারিগ্রামে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে যাতায়াত করতেন। গ্রামের মাতবররা বিষয়টি ভালোভাবে নেননি। তাঁরা হাসানের সঙ্গে ওই বন্ধুর স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ তোলেন। এ অবস্থায় গত জুন মাস থেকে প্রতিবেশীরা ওই দুই পরিবারকে এড়িয়ে চলতে শুরু করেন।
ওই বন্ধু ও হাসানের ভাষ্যমতে, তাঁরা একে অপরের বিপদে সব সময় পাশে থাকেন। গ্রামের কয়েক ব্যক্তি তাঁদের বন্ধুত্বের সম্পর্ক ভালোভাবে নেননি। ওই লোকজন হাসানের সঙ্গে তাঁর (ওই বন্ধু) স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে বলে রটান। গত এপ্রিল মাসে তাঁর স্ত্রীর সঙ্গে হাসানের সম্পর্কে অশ্লীল কথাবার্তা কম্পিউটারে কম্পোজ করে কে বা কারা গ্রামের বাড়িঘরের দেয়ালে সাঁটিয়ে দেয়। জুন মাসে তাঁর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁর অনুরোধে তাঁর স্ত্রীকে নিয়ে হাসান একজন কবিরাজের কাছে চিকিৎসা করাতে যান।
এ ঘটনার কিছুদিন পর তিনি হাসানকে দিয়ে তাঁর স্ত্রীকে নাটোরে চিকিৎসার জন্য পাঠান। এ সময় তাঁর স্ত্রীর সঙ্গে মেয়ে রাফিয়াও ছিল। কয়েক দিন পর তাঁর স্ত্রী ছেলেকে আনতে বোনের বাড়িতে যান। তখন গ্রামের কেউ মুঠোফোনে হাসানের স্ত্রীকে জানান, হাসান ও হাসানের ওই বন্ধুর স্ত্রী সান্তাহারে ঘুরে বেড়াচ্ছেন। এটি জানার পর হাসানের স্ত্রী ওই বন্ধুর বাড়িতে গিয়ে ঝগড়া করেন। পরে তিনি (ওই বন্ধু) খোঁজ নিয়ে জানতে পারেন, ঘটনাটি মিথ্যা। এরপর আবু কাজীসহ গ্রামের কয়েক ব্যক্তি তাঁদের বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা করেন। ঈদুল আজহার তিন দিন আগে গ্রামের রবি তালুকদার বিষয়টি মীমাংসার জন্য দুই পরিবারকে ডাকেন। তারা তাঁর ডাকে সাড়াও দেয়। এ ঘটনা জানার পর মাতবরেরা রবি তালুকদারদের প্রকাশ্যে বিচার করে দোররা ও তওবা করার চাপ দেন। পরে তাঁরা কেউ রবি তালুকদারের ডাকে সাড়া দেননি।
ওই বন্ধু জানান, তিনি কয়েক বছর ধরে প্রতিবেশীদের সঙ্গে ভাগে কোরবানি দিতেন। এবার গ্রামের কেউ তাঁকে কোরবানির পশুর ভাগে নেননি। তাঁকে একাই কোরবানি দিতে হয়েছে। তাঁরা মৌলভিকে গরু জবাই করতে আসতে দেননি। প্রতিবেশীরা কোরবানির মাংস নেননি। যাঁরা তাঁর কোরবানির মাংস কাটাবাছা করেছেন, তাঁদেরও আবু কাজীসহ মাতবররা একঘরে করার হুমকি দিয়েছেন। গত বৃহস্পতিবার প্রতিবেশী একটি মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাতবরদের আপত্তির কারণে তাঁদের দাওয়াত দেওয়া হয়নি।
বিভিন্ন কথা ওঠার পরও তিনি কেন হাসানকে দিয়ে স্ত্রীকে চিকিৎসা করাতে পাঠালেন—এমন প্রশ্নের জবাবে ওই বন্ধু বলেন, ‘আমি খুব ব্যস্ত ছিলাম। এ ছাড়া আমি হাসানকে বিশ্বাস করি।’
ওই দুজনের প্রতিবেশী আবদুল হোসেন জানান, ওই দুই পরিবারকে একঘরে করায় এবার কেউ তাঁদের কোরবানির গোশত নেননি। তাঁরা কী কারণে একঘরে হয়ে আছেন—জানতে চাইলে তিনি বলেন, মাতবরেরাই ভালো জানেন।
এ ব্যাপারে আবু কাজী বলেন, তিনি কাউকে একঘরে করে রাখেননি। অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় গ্রামের লোকজন ওই দুই পরিবারকে এড়িয়ে চলছেন।
স্থানীয় রায়কালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তিনি ঘটনাটি জানার পর গত শনিবার সেখানে পুলিশ পাঠান।