আক্কেলপুরে দুটি বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতির শিকার হওয়া পরিবার দুটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের হলহলিয়া গ্রামের তোজাম্মেল ও ছামছুল ইসলামের বাড়ির প্রাচীর টপকে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পরিবার দুটির সদস্যদের মারধর করে বেঁধে রাখে। পরে ডাকাতেরা ওই দুটি বাড়ি থেকে অর্থ, মুঠোফোন ও সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
ছামছুল ইসলামের ভাই জানান, ডাকাতেরা তাঁর ভাইয়ের বাড়ি থেকে তিন হাজার টাকা, পাঁচ ভরি সোনার গয়না ও চারটি মুঠোফোন লুট করেছে।
তোজাম্মেলের ভাতিজা কাজল বলেন, তাঁর চাচার বাড়ি থেকে দুই লাখ ২৫ হাজার টাকা এবং আড়াই ভরি সোনার গয়না লুট করেছে ডাকাতেরা।
একই রাতে ২০-২৫ জনের একদল ডাকাত পাশের চকরঘুনাথ গ্রামের নিরেন চন্দ্র দাসের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এ সময় ডাকাতেরা ওই বাড়িতে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।
সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ রানা জানান, একই রাতে পাশাপাশি দুটি গ্রামে ডাকাত দল হানা দেওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের বেলায় গ্রামগুলোতে পুলিশের টহল বাড়ানোর দাবি জানান তিনি।
গতকাল বিকেলে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ গতকাল শনিবার সকালে চকরঘুনাথ গ্রামের নিরেন চন্দ্রের বাড়ি থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে ওই ঘটনা ঘটানো হয়েছে। হলহলিয়ার দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় এখনো মামলা হয়নি।
নিরেন চন্দ্র দাসের চাচা জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্র নাথ মণ্ডল বলেন, গ্রামের কারও সঙ্গে তাঁদের জমি নিয়ে বিরোধ নেই।