আক্কেলপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাশেদ হোসেন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে আক্কেলপুর শহরের কেরামতের ইটভাটা নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাশেদ হোসেন ডাকাত দলের সদস্য।
রাশেদের বাড়ি আক্কেলপুর উপজেলার আবাদপুর উত্তরপাড়া গ্রামে। তাঁর বাবা আশরাফ হোসেন বলেন, ‘গত বুধবার বিকেলে রাশেদ তার শ্বশুরবাড়ি দুপচাঁচিয়া উপজেলার নিলাহালী গ্রামে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। সোমবার সকালে রাশেদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানতে পারি।’
আক্কেলপুর থানার পুলিশের ভাষ্যমতে, রাতে পুলিশের একটি দল আক্কেলপুর-তিলকপুর সড়কে সিএনজিচালিত একটি অটোরিকশায় চড়ে টহল দিচ্ছিল। একটার দিকে কেরামতের ইটভাটা এলাকায় পৌঁছালে ডাকাতেরা পুলিশের গাড়িটি আটকায়। এ সময় পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। উভয় পক্ষের গোলাগুলিতে রাশেদ হোসেন নামে এক ডাকাতের ডান পায়ে গুলি লাগে। অন্য ডাকাতেরা সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।