আক্কেলপুরে ফের ডাকাতি, টাকা ও মালামাল লুট
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও ডাকাতি হয়েছে। গত রোববার রাতে উপজেলার বড়গাছা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আবদুল ওয়াহেদের বাড়িতে ডাকাতি হয়।
ডাকাত দল ওয়াহেদের বাড়ির লোকজনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও সোনার গয়নাসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এর আগে গত শুক্রবার রাতে উপজেলার হলহলিয়া গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ওয়াহেদের পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে খাওয়া-দাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে বাড়িতে মুরগির ডাক শুনে তাঁদের ঘুম ভেঙে যায়। বাড়িতে বেজি ঢুকেছে ভেবে ওয়াহেদের স্ত্রী মর্জিনা খাতুন ঘর থেকে বের হলে ডাকাতেরা তাঁকে মারধর শুরু করে।
এ সময় মর্জিনার চিৎকারে তাঁর মেয়ের জামাইবর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আবু রায়হান ঘর থেকে বের হন। সঙ্গে সঙ্গে ডাকাতেরা লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। পরে ডাকাতেরা ঘর থেকে লোকজনকে বের করে এনে সবাইকে রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর ডাকাতেরা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না ও মুঠোফোন লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে গতকাল সোমবার সকালে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) আবু কালাম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবদুল ওয়াহেদের ছেলে রনি হোসেন জানান, তাঁর বাবা ২০ বছর ধরে মালেশিয়ায় আছেন। তিলকপুর বাজারে একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ করছেন তাঁরা। রোববার দিনের বেলায় ব্যাংক থেকে তিন লাখ টাকা উঠিয়ে বাড়িতে রেখেছিলেন। ডাকাতেরা তিন লাখ টাকা, ৩০ ভরি সোনার গয়না, চারটি মুঠোফোন লুট করে নিয়ে গেছে। তাঁদের পরিবারের চারজন সদস্যকে পিটিয়ে আহত করা হয়। তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুলাভাই আবু রায়হানের মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় গতকাল রনি হোসেন থানায় একটি মামলা করেছেন।
এসপি আবু কালাম সিদ্দিক জানান, ইতিমধ্যে তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আক্কেলপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।