আক্কেলপুরে বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোহন লাল পাহান (৬২) নামের এক বৃদ্ধের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার তিলকপুর ইউনিয়নের শিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহন লাল ওই গ্রামের মৃত মহাদেব পাহানের ছেলে।
সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় লোকজন তাঁর বাড়ির পাশের একটি মরিচখেতে মোহন লালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির ভাতিজা ভীম পাহান প্রথম আলোকে জানান, জমিজমা–সংক্রান্ত এক মামলায় মোহন লালের আজ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। আজ বিকেলে বাড়ির পাশে তাঁর লাশ পাওয়া যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ওই এলাকার প্রায় ২০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।