আক্কেলপুরে ভিজিডির ২৩ বস্তা চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার কলেজ বাজার এলাকা থেকে গতকাল সোমবার ভিজিডি কর্মসূচির ২৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল বলেন, গতকাল রুকিন্দীপুর ইউনিয়নের দুস্থ লোকজনের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। দুটি ভ্যানে করে ওই চাল বিক্রির জন্য আক্কেলপুর কলেজ বাজারে আনা হচ্ছিল। খবর পেয়ে বিকেলে কলেজ বাজার এলাকা থেকে চালবোঝাই দুটি ভ্যান থেকে ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্দ করে পুলিশ। বস্তাগুলোয় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে।

এ ঘটনায় এসআই আশিক ইকবাল বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় চালের ক্রেতা সাবু হোসেনকে আসামি করা হয়েছে। দুই ভ্যানচালক মামলার সাক্ষী হয়েছেন।

দুই ভ্যানচালকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। তাঁরা হলেন উপজেলার কানুপুর রেলগেট এলাকার সিদ্দিকুর রহমান (৪৫) ও ইদ্রিস হোসেন (৩০)। তাঁরা দুজন বলেন, কানুপুর রেলগেট এলাকার বাসিন্দা সাবু হোসেন হালির মোড় নামক স্থানে তাঁদের ভ্যানে চালগুলো তুলে দিয়ে আক্কেলপুর পৌর শহরের নবাবগঞ্জ সেতুতে এলাকার এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দিতে বলেছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সরকারিভাবে দুস্থদের বিতরণকৃত চাল বিক্রির উদ্দেশে আনা হয়েছিল। আটক দুই ভ্যানচালকের কাছ থেকে মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে।