আক্কেলপুরে ভিজিডির ৪৫ বস্তা চাল জব্দ ব্যবসায়ী গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুরে ভিজিডির ৪৫ বস্তা চালসহ ধান-চালের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সোনামুখী ইউনিয়নের জাফরপুর বাজারের একটি গুদামঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তির নাম বিকাশ চন্দ্র মণ্ডল (৩২)। তিনি সোনামুখী ইউপির জগদীশ চন্দ্র মণ্ডলের ছেলে। তিনি নিজেকে সোনামুখী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলে দাবি করেছেন। তবে সোনামুখী ইউপি আওয়ামী লীগের সভাপতি ও সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম বলেন, বিকাশ দলের কোনো পদে নেই।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গতকাল সোনামুখী ইউনিয়নের দুস্থ ব্যক্তিদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা হয়। জাফরপুর বাজারের একটি গুদামঘরের ভেতর ভিজিডি চাল মজুত রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলওয়ালা ৩০ কেজি ওজনের ৪৫ বস্তা জব্দ এবং ধান চাল ব্যবসায়ী বিকাশ চন্দ্রকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় আটক ধান চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখানো হয়।
বিকাশ চন্দ্র মণ্ডল দাবি করেন, ‘সুবিধাভোগীদের কাছ থেকে প্রতি বস্তা চাল ৭০০ টাকা দরে কিনেছি। চালগুলো বাইরে বিক্রির জন্য গুদামঘরে রাখা হয়েছিল।’