আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের পাশ থেকে ১২ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার কানুপুর ভাল্কী সেতু এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ট্রেন থেকে পড়ে মারা গেছে বলে পুলিশ ধারণা করছে। তার পরিচয় জানা যায়নি।

আজ সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটির লাশ রেললাইনের পাশে পড়ে আছে। আক্কেলপুর থানার পুলিশ ও সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। স্থানীয় লোকজন লাশটি দেখতে সেখানে ভিড় করে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, কানুপুর গ্রামের বাসিন্দা রেলওয়ের ওয়েম্যান নাজিমুদ্দিন আজ সকালে রেললাইনের পাশ দিয়ে মাঠে গরু নিয়ে যাচ্ছিলেন। তিনি ভাল্কী সেতু এলাকায় রেললাইনের পাশে এক শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। গ্রামের লোকজন সেখানে ছুটে আসে। এরপর নাজিমুদ্দিন অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী কানুপুর গ্রামের বাসিন্দা নাহিদ হোসেন বলেন, ‘আমরা এসে দেখি, রেললাইনের পাশে এক শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শিশুটি তখনো শ্বাস নিচ্ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। স্থানীয় পল্লি চিকিৎসক জিল্লুর রহমানকে ডেকে আনার পর সে মারা যায়। তার পরনে কালো রঙের ফুলশার্ট ও ট্রাউজার রয়েছে। পরে সান্তাহার রেলওয়ে থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।’

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুকুমার প্রথম আলোকে বলেন, শিশুটি মাথার পেছনের অংশ ফেটে গেছে। ঘুমন্ত অবস্থায় ট্রেনের ছাদ অথবা কামরা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে শিশুটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।