আক্কেলপুরে সরকারি কর্মচারীকে নির্যাতন গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ সরকারি হর্টিকালচার সেন্টারের এক কর্মচারীকে মারধর করার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তাকে গত মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বিপুল চন্দ্র (৩০)। তিনি জামালগঞ্জ ঘোষপাড়া গ্রামের বাসিন্দা।
হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা বলেন, গত ২৩ মে রাতে ঝড়ে হর্টিকালচারের (উদ্যান) গাছপালা ভেঙে যায়। ঝড়ে ক্ষয়ক্ষতির অবস্থা দেখতে কর্মচারী (গার্ডেনার) আবদুল মুমিন (৩৮) রাতের বেলায় সেখানে যান। এ সময় কয়েক জন দুর্বৃত্ত তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। তাঁকে সারা রাত গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরদিন সকালে মুমিনকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, অর্থোপেডিকস বিভাগে আবদুল মুমিনের চিকিৎসা চলছে। তিনি বলেন, রাতে হর্টিকালচারে পৌঁছানোর পরপরই বিপুল চন্দ্র, আরমান ও সাগর পাহান তাঁকে মারতে শুরু করে। এরপর মুমিনের দুই হাত নাইলনের রশি দিয়ে পিছমোড়া করে গাছের সঙ্গে বেঁধে রেখে রাতভর নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান।
থানার হাজতে বিপুল চন্দ্র জানায়, হর্টিকালচারের কিছু গাছ ইজারা দেওয়া হয়েছে। তারা ইজারাদারের লোক। মুমিন ইজারা দেওয়া গাছ থেকে লিচু চুরি করছিলেন। তাই তাঁকে মারধর করা হয়েছে। আর হর্টিকালচারের লোকজনকে দেখাতেই মুমিনকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
জামালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক আমজাদ হোসেন বলেন, ঘটনার প্রায় ১০ দিন অতিবাহিত হলেও মুমিনের শরীরের ক্ষতগুলো শুকায়নি। পুলিশ ঘটনার মূল হোতা বিপুলকে আটক করার পর তার সহযোগীরা সেন্টারে এসে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, আবদুল মুমিনকে মারধরের ঘটনায় হর্টিকালচারের উপপরিচালক বাদী হয়ে গত সোমবার থানায় একটি মামলা করেছেন। এ মামলার আসামি হিসেবে বিপুলকে গ্রেপ্তার করা হয়।