আক্কেলপুরে ২০টি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর শহরের বিভিন্ন সড়কে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের সহায়তায় জেলা ট্রাফিক পুলিশ ওই অভিযান পরিচালনা করে। 
আক্কেলপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম জানান, অভিযানে নিবন্ধনবিহীন ২০টি মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে পৌর শহরের বিভিন্ন সড়কের মোড়ে নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ওই অভিযান শুরু হয়। এ সময় নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করে মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওই সব মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের বিষয় জানাজানি হলে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বিকল্প সড়ক দিয়ে চলাচল শুরু করে।
দুপুরে থানায় গিয়ে দেখা যায়, জব্দ করা নিবন্ধনবিহীন মোটরসাইকেলগুলোর তালিকা করছেন থানার এএসআই আশরাফুল ইসলাম। এ সময় একজন তরুণ বলছিলেন, ‘আমি জরিমানার টাকা দিচ্ছি মোটরসাইকেলটি ছেড়ে দেন।’ তবে তিনি মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে পারেননি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিবন্ধনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। তিনি আগামী ১৫ দিনের মধ্যে নিবন্ধনবিহীন মোটরসাইকেল মালিকদের নিবন্ধন করার অনুরোধ করেন। এ রকম বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।