আক্কেলপুরে ৬৭০ কেজি চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সোনামুখী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে এসব চাল জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ি মোড়ে উপকারভোগী ব্যক্তিদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়। সেখানে স্থানীয় দুই ব্যবসায়ী জালাল হোসেন ও জব্বার আলী উপকারভোগী অনেকের কাছ থেকে চাল কেনেন। এই চাল তাঁরা মোহাম্মদপুর গ্রামের জামিরুল ইসলামের বাড়িতে জমা করে রাখেন। দুপুরে সেখান থেকে দুটি ভ্যানে করে চাল সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিলে লোকজন দেখে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ১৪ বস্তা চাল জব্দ করে। তবে এর আগেই ওই দুই ব্যবসায়ী সটকে পড়েন। তাঁদের দুজনের বাড়ি মোহাম্মদপুর গ্রামে।
আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিক ইকবাল বলেন, ১৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। কোনো বস্তায় ৬০ কেজি, কোনোটিতে ৩০ কেজি চাল রয়েছে। সব মিলিয়ে ৬৭০ কেজি চাল পাওয়া গেছে। দুই ভ্যানচালক জানিয়েছেন, চালের মালিক জালাল হোসেন ও জব্বার আলী।
ভ্যানচালক বেলাল হোসেন ও ছানোয়ার হোসেন বলেন, সোনামুখী ইউপির সাবেক সদস্য বারফুল তাঁদের ভ্যান নিয়ে ওই বাড়িতে আসতে বলেছিলেন।
এ প্রসঙ্গে বারফুল বলেন, ‘জালাল হোসেন ও জব্বার চাল নেওয়ার জন্য ভ্যান খুঁজছিলেন। এ জন্য কাঁঠালবাড়ি মোড় থেকে দুটি ভ্যান পাঠিয়েছিলাম।’
বাড়ির মালিক জামিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে বাড়িতে ছিলাম না। এই সুযোগে জালাল হোসেন ও জব্বার আলী বাড়িতে ১০ টাকা কেজির চাল নিয়ে আসেন। দুপুরে বাড়িতে আসার পর স্ত্রীর কাছে এই ঘটনা জানতে পেরেছি।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছে। ওই দুই ব্যবসায়ী পলাতক রয়েছেন।