ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ১৭ মাসের কন্যাশিশু বীথিকে ছুরি মেরে হত্যাচেষ্টার ঘটনার এক সপ্তাহ পরও মূল আসামিসহ অধিকাংশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে একটি মহল শিশুর পরিবারকে উল্টো ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শিশু বীথি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর্থিক অনটনের কারণে তার চিকিৎসা হচ্ছে লোকজনের কাছে হাত পেতে।
মা বিউটি আক্তার আছেন বীথির সঙ্গে। মুঠোফোনে গতকাল শনিবার দুপুরে তিনি বলেন, বীথির অবস্থা উন্নতির দিকে। স্বামী দীন ইসলাম দিনমজুর। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। টাকার জোগাড় হচ্ছে গ্রামের মানুষের কাছে হাত পেতে ও ধার নিয়ে।
ছুরিকাঘাতের দিনই বীথির বাবা দীন ইসলাম বাদী হয়ে শাহজাহানসহ ১১ জনকে আসামি করে নান্দাইল থানায় মামলা করেন। এক সপ্তাহ পরও মূল আসামি শাহজাহান ব্যাপারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দীন ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার পর থেকে তাঁর পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। গত বৃহস্পতিবার নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলামসহ কিছু লোক স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিনের কাছে গিয়ে বলেন, পরিবারের সদস্যদের হাতেই বীথি ছুরিকাহত হয়েছে। তারা ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে আক্রান্ত পরিবারকে ফাঁসানোর চেষ্টা করছে।
চণ্ডীপাশা মহল্লার বাসিন্দারা বলেন, খায়রুল ইসলামসহ কিছু লোক সাংসদকে মিথ্যা বলে আসামিদের বাঁচানো চেষ্টা করছেন।