আখাউড়া স্থলবন্দর ১১ দিন পর সরগরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ১১ দিন বন্ধ থাকার পর আজ শনিবার সকাল থেকে আবার সরগরম হয়ে উঠেছে। 

বন্দর ইয়ার্ড ও সড়কে রপ্তানির পণ্যবোঝাই শতাধিক ট্রাক ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছে। এ কারণে সকাল থেকে শ্রমিক ও ব্যবসায়ীদের পদচারণে বন্দর এলাকা মুখরিত।
ঈদ ও পূজার ছুটির কারণে গত ৩০ সেপ্টেম্বর থেকে গতকাল শুক্রবার পর্যন্ত টানা ১১ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, পাথর, সিমেন্ট, প্লাস্টিকসামগ্রীসহ রপ্তানির বিভিন্ন পণ্য নিয়ে শতাধিক ট্রাক বন্দরে আছে। সকালে মাছ রপ্তানি হয়েছে। এখন অন্যান্য পণ্য রপ্তানি চলছে।
আখাউড়া স্থলবন্দর শুল্ক বিভাগের পরিদর্শক (কাস্টমস ইন্সপেক্টর) লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, সকালে প্রায় ৮০ লাখ টাকার ছোট ও মাঝারি মাছ ত্রিপুরায় রপ্তানি হয়েছে। ইতিমধ্যে পাথর, সিমেন্ট মিলিয়ে ১৫টি ট্রাকের পণ্য রপ্তানি হয়েছে। বিকেল পর্যন্ত ৫০ থেকে ৬০ ট্রাক পণ্য রপ্তানি হতে পারে।