আখাউড়ায় এক ব্যক্তি খুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামে নির্মাণাধীন এক বাড়িতে কামাল মিয়া (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নির্মাণশ্রমিকেরা শুক্রবার রাতে তাঁকে খুন করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল নয়টায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ঘটনায় জড়িত অভিযোগে নির্মাণশ্রমিকদের ঠিকাদার আমজাদ হোসেনকে (৩৫) পুলিশ আটক করে। এই বিষয়ে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহত ব্যক্তির পরিবার ও আখাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কামাল মিয়ার বাড়ি কসবার গৌরাঙ্গুলা গ্রামে। তিনি আখাউড়া পৌর শহরের নারায়ণপুরে বিয়ে করেছেন। স্ত্রী, সাত ও চার বছরের দুই ছেলেসন্তানসহ আখাউড়ার কলেজপাড়ায় তিনি ভাড়ায় থাকতেন। কয়েক বছর আগে তাঁর মধ্যপ্রাচ্যপ্রবাসী দুই ভাইয়ের টাকায় তারাগন গ্রামে ছয় শতাংশ জায়গা কেনেন।
একই সূত্রে জানা গেছে, ওই জায়গায় পাঁচতলা ভিতের একটি পাকা বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণকাজের ঠিকাদার নিয়োগ করেন বগুড়া জেলার গাবতলী উপজেলার আমজাদ হোসেনকে। শুক্রবার রাতে তাঁর বাড়ির নির্মাণশ্রমিকদের সঙ্গে চুক্তির টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সেখানে থাকা ছয়জন শ্রমিক তাঁকে হত্যা করে বলে নিহত ব্যক্তির বাবা মো. ফুল মিয়ার দায়ের করা মামলায় উল্লেখ আছে।
আখাউড়া থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানান, তিনি লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতের দুই হাত ও পা বাঁধা। মুখে গামছা গোঁজা ছিল। এ অবস্থায় নির্মাণাধীন বাড়ির মেঝেতে উপুড় করে রেখে তাঁর ওপর দুটি সিমেন্টের বস্তা ও কিছু ইট দিয়ে চাপা দেওয়া ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিসহ আরও ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।
লাশ উদ্ধার: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত (৩৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে মদনগঞ্জ এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরনে সাদা ও সবুজ রঙের সালোয়ার ছিল। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাঁকে হত্যার পর লাশ নদীতে ফেলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।