আখাউড়ায় কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ধানখেত থেকে আজ সোমবার সকালে তাসলিমা বেগম (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাসলিমার বাড়ি উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে।

নিহতের বাবা খলিল মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তাসলিমা চতুর্থ। গতকাল রোববার রাত আটটার দিকে খাবার খেয়ে তিনি পাশের দেবগ্রাম বিলে পাহারা দিতে যান। সকালে খবর পেয়ে বাড়ি যান। কোনো শত্রু নেই দাবি করে তিনি বলেন, ‘আমার মাইয়াডারে কারা মারল, কেন মারল কিছু বুঝতাছি না।’

পুলিশের ভাষ্য, গতকাল রাত থেকে তসলিমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ছয়টার দিকে স্থানীয় লোকজন ধানখেতে এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে তাসলিমার বড় ভাই রুবেল মিয়া (২৫) লাশ শনাক্ত করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে।