আখাউড়ায় কালোবাজারে ট্রেনের টিকিট
দেশের পূর্বাঞ্চল রেলপথের গুরুত্বপূর্ণ রেল জংশন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকারী ট্রেনের টিকিট বেশি দামে কালোবাজার থেকে কিনতে বাধ্য হচ্ছেন ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষেরা। এ রেলওয়ে জংশনে আন্তনগর, মেইল ও লোকালসহ মোট ৩২টি ট্রেনের যাত্রাবিরতি রয়েছে।
অভিযোগ রয়েছে, রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে টিকিট কালোবাজারি চক্র এখানে সিন্ডিকেট গড়ে তুলেছে। ঈদ উপলক্ষে ছুটিতে বাড়িতে আসা যাত্রীরা কাউন্টারে টিকিট না পেয়ে কর্মস্থলে ফিরতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
আখাউড়া রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে আখাউড়া রেল জংশনে আন্তনগর মহানগর এক্সপ্রেস, মহানগর গোধূলি, উপকূল, নিশীথা, পাহাড়িকা, উদয়ন, বিজয় ও চট্টলা ট্রেন যাত্রাবিরতি দেয়। এ ছাড়া আরও ৮টি মেইল ও লোকাল ট্রেন এ জংশন দিয়ে আপ-ডাউন করে থাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন পানের দোকান, চা-স্টল, সেলুনসহ আশপাশের দোকানপাটে বিক্রি হচ্ছে টিকিট। অতিরিক্ত টাকা দিলে এসব স্থানে টিকিট পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে, টিকিট কাউন্টারসংলগ্ন স্থানেও রেলওয়ের নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশের (জিআরপি) সামনে সংঘবদ্ধ টিকিট কালোবাজারিরা প্রকাশ্যে অতিরিক্ত দামে আন্তনগর: নগর ট্রেনের টিকিট বিক্রি করছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নারায়ণপুরের ব্যবসায়ী ছরু মিয়া বলেন, ‘মেয়ে ঈদে বেড়াতে এসেছে। স্টেশনে টিকিট পাইনি।’ পরে কালোবাজারিদের কাছ থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা যাওয়ার জন্য চারটি টিকিট কিনেছেন। একেকটি টিকিটের দাম পড়েছে ১ হাজার ৬০০ টাকা। এই টিকিটের প্রকৃত দাম ৮২০ টাকা করে।
চিকিৎসক নিয়ামুল হক বলেন, মহানগর গোধূলি ট্রেনে গত শুক্রবার আখাউড়া থেকে ঢাকা যাওয়ার জন্য ১৬০ টাকার একটি টিকিট ৭০০ টাকায় কালোবাজারিদের কাছ থেকে কিনেছেন।
কোড্ডা গ্রামের বাবুল মিয়া আখাউড়া শহরে বসবাস করেন। তাঁর বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। তিনি মুঠোফোনে বলেন, তিনি তিতাস ও কর্ণফুলী ট্রেনের এজেন্ট। আন্তনগর ট্রেনের টিকিটের ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘একসময় দুই নম্বর ব্যবসা করতাম, এখন আর করি না।’
আখাউড়া রেলস্টেশনে ব্যবসায়ী মিলন মিয়ার বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। তবে মুঠোফোনে কথা হলে মিলন মিয়া অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এ এলাকায় বাস করি। তা ছাড়া স্টেশন এলাকায় আমার ব্যবসা রয়েছে। আত্মীয়স্বজন কোথাও বেড়াতে গেলে মাঝেমধ্যে দু-একটি টিকিট সংগ্রহ করি।’
আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট খলিলুর রহমান বলেন, আগের চেয়ে টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্য অনেকটা কমে এসেছে। এবার ঈদে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে টিকিট পাহারা দেওয়া হয়েছে। ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে। কেউ কেউ তাঁদের নিজস্ব লোকজন দিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে যদি বাইরে বিক্রি করেন, তাহলে তো আমরা কিছু করতে পারি না।’ স্টেশন চত্বরে কোনো টিকিট কালোবাজারি নেই বলে তিনি দাবি করেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সাত্তার বলেন, ‘আমরা বেশ কয়েকজন টিকিট কালোবাজারির নামে মামলা দিয়েছি। রেলস্টেশনে কেউ টিকিট বিক্রি করে না। কেউ করলে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে রেলপুলিশ টিকিট কালোবাজারিদের সঙ্গে জড়িত থাকার বিষয়টি সত্য নয়।’